কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা
- প্রকাশের সময় : ০৩:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 113
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্, প্রকল্পের জেলা ম্যানেজার মো: আলিউল হাসানাত, উপজেলা সমন্বয়কারী খালেদা পারভিন এবং প্রেসক্লাব কোটালীপাড়া-এর সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস।
বক্তারা বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়ার ফলে একদিকে মামলার জট কমছে, অন্যদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন।
তারা আরও বলেন, গ্রাম আদালতের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে স্থানীয় অংশীজনদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় প্রতিনিধিরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনো গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি ক্ষমতা সম্পর্কে পুরোপুরি অবগত নন। এ ধরনের কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান তারা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ ছোটখাটো বিষয় নিয়ে জেলা আদালত বা থানায় না গিয়ে স্থানীয়ভাবেই দ্রুত ও সুষ্ঠু বিচার পেতে পারেন।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























