৮ বছর পর একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
- প্রকাশের সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 9
বাংলাদেশে একজন প্রতিবন্ধীও আগামী ৮ বছর পর সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যাদের পরিবারে প্রতিবন্ধী আছে, সবার নাম জমা দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে।
শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটা জিনিস আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে ৩০ হাজার টাকা জমা নেবেন। জামাইর কাছে আপনাদের আর ঘুরতে হবে না। জামাইরা ঘুরে হাত পাতবে টাকা দাও, টাকা দাও। এটা বাস্তবায়িত হতে যাচ্ছে।
সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশে নতুন ওষুধ এসেছে, লেবার পেইনকে বিলম্বিত করে নরমাল ডেলিভারি করার জন্য। সেই কারণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে সরকার। আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের চিকিৎসা সেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। সব নাগরিকের জন্য সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
জেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বেলাবো উপজেলার হলরুম আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।






















