অতীতে উন্নয়নের নামে বিপুল অর্থ ঋণ করে লুটপাট হয়েছে: অর্থ উপদেষ্টা
- প্রকাশের সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 12
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত সরকার অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে লুটপাট করেছে। তিনি অভিযোগ করেন, অতীতে তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।
শনিবার (১৬ মে) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, “অতীতে ধমকাধমকির মাধ্যমে তথ্য জালিয়াতি করে উন্নয়ন দেখানো হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে।”
তিনি বলেন, বিগত সময়ে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের আয় কমে যাওয়ায় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। এর ফলে অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে প্রয়োজনীয় পুঁজি পায়নি। ফলে অর্থনীতিতে স্থবিরতা তৈরি হয়েছিল।”
সরকার টাকা ছাপাচ্ছে—এমন প্রচারকে ‘গালগল্প’ উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বর্তমান সরকার বিনিয়োগ ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগের সরকার নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি কোম্পানির হাতে তুলে দিয়েছিল। বর্তমান সরকার কোনো খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিতে চায় না; বরং অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।
ড. তিতুমীর বলেন, “বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।”






















