সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব
- প্রকাশের সময় : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 18
যুবসমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, অকালমৃত্যু কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী দুইটি সংগঠন।
সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করে National Heart Foundation of Bangladesh এবং United Forum Against Tobacco।
প্রস্তাব অনুযায়ী, সিগারেটকে চারটি মূল্যস্তরে—প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন—বিভক্ত করার কথা বলা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়।
প্রিমিয়াম স্তরে ১০ শলাকার প্যাকেটের দাম ২০০ টাকা নির্ধারণ করে ৬৭ শতাংশ আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে ৪ টাকা নির্দিষ্ট কর যোগ করলে প্রতি শলাকার দাম দাঁড়াবে প্রায় ৩৫ টাকা। উচ্চ স্তরে প্যাকেটের দাম ১৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে শলাকার দাম দাঁড়াবে প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা।
এছাড়া মধ্যম ও নিম্ন স্তরের সিগারেটের ক্ষেত্রে প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট কর যোগ করলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে প্রায় ১৭ টাকা ১ পয়সা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সিগারেটের দাম বাড়ানো হলে লক্ষাধিক তরুণ-তরুণী ধূমপান থেকে বিরত থাকবে এবং একই সঙ্গে সরকারের কর রাজস্বও বৃদ্ধি পাবে। তারা সতর্ক করে বলেন, বাংলাদেশে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান, তাই কার্যকর করনীতি এখন সময়ের দাবি।






















