কমলো সোনার দাম
- প্রকাশের সময় : ১১:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 27
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে, যা সোমবার ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনার দামে এই পরিবর্তন এসেছে বলে জানা গেছে।























