সু চির সাজা আরও কমাল সরকার

- প্রকাশের সময় : ১১:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 147

মিয়ানমারের জান্তা-সমর্থিত সরকার দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ আরও কমিয়েছে। একটি বৌদ্ধ ধর্মীয় ছুটিকে কেন্দ্র করে ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বার তার সাজা কমানো হলো।
আইনি কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষমার আওতায় সু চির কারাদণ্ড ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে। তবে তার অবশিষ্ট সাজার নির্দিষ্ট সময় জানানো হয়নি।
আগের হ্রাস অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাকে এখনও ১৩ বছরের বেশি সময় কারাগারে থাকতে হতে পারে। এর আগে ১৭ এপ্রিল এক দফায় তার সাজা চার বছরের বেশি কমানো হয়েছিল।
বুদ্ধের জন্ম ও মৃত্যু দিবস ‘কাসোন’ পূর্ণিমা উপলক্ষে ১ হাজার ৫১৯ জন বন্দির পাশাপাশি অন্যান্য দণ্ডিতদের সাজাও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে।
মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ১০ এপ্রিল শপথ নেওয়ার পর সামাজিক পুনর্মিলন ও শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের শেষদিকে বিভিন্ন অভিযোগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা ২০২৩ সালের আগস্টে কমিয়ে ২৭ বছর করা হয়। এরপর চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় তার সাজা আরও কমানো হলো।
বর্তমানে সু চি রাজধানী নেপিদোর একটি অজ্ঞাত স্থানে কারাভোগ করছেন। তাকে গৃহবন্দিত্বে নেওয়া হতে পারে—এমন গুঞ্জন থাকলেও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি। তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।























