৯ লাখ কোটি টাকার বাজেটের প্রস্তুতি, চ্যালেঞ্জের মুখে সরকার
- প্রকাশের সময় : ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 27
টালমাটাল বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটের আকার এখনো চূড়ান্ত না হলেও এটি দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট হতে যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট প্রণয়নে সংশ্লিষ্টদের “ইতিহাসের সেরা বাজেট” উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বাজেট ঘাটতি পূরণে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে বহিঃখাত থেকে অর্থায়ন এবং রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দিতে বলা হয়েছে।
অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে সরকারের সামনে একাধিক বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সংকট মোকাবিলা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের আস্থা পুনরুদ্ধার, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা। একই সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বাড়ছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য। তিনি বলেন, ব্যবসাবাণিজ্যে গতি ফেরাতে সহায়ক নীতি গ্রহণ করা হবে এবং বাজেটে অর্থনীতির দুর্বল খাতগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে।
সূত্র আরও জানায়, বৈশ্বিক অস্থিরতা—বিশেষ করে জ্বালানি বাজারের অস্থিরতা ও আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ—বাজেট প্রণয়নে বড় প্রভাব ফেলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি আটকে যাওয়ায় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় সরকার একদিকে যেমন রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা করছে, অন্যদিকে করের আওতা বাড়িয়ে নতুন খাত থেকে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না দিয়ে কর ব্যবস্থা সম্প্রসারণের কৌশল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হতে পারে। ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে একটি বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট প্রণয়নই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।























