কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী
- প্রকাশের সময় : ১১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 68
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে খালের কচুরিপানা পরিষ্কারে নামলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী।
আজ শনিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।
এছাড়াও বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এই পরিষ্কার অভিযানে অংশ নেন।
এ সময় সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ‘কোনেরভিটা-রামনগর খালটি স্থানীয় মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ। এই এলাকার অধিকাংশ কৃষক বিলের ধান কেটে এই খাল ব্যবহার করেই বাড়িতে নেন। দীর্ঘদিন কচুরিপানায় ভরাট থাকায় কৃষকদের পক্ষে ধান পরিবহন করা অসম্ভব হয়ে পড়েছিল। কৃষকদের এই ভোগান্তি দূর করতেই আজ নেতাকর্মীদের নিয়ে এই উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলার প্রতিটি এলাকায় এই ধরনের সেবামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
























