চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
- প্রকাশের সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 104
চার দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে আরও তিন দফা সোনার দাম বাড়ানো হয়। টানা চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম ১৩ হাজার ১২২ টাকা বাড়ার পর এখন কিছুটা কমানো হলো।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।























