সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত

- প্রকাশের সময় : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 156

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির কয়েকটি জ্বালানি ভরার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ২ হাজার ৩২১ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করে এবং প্যাট্রিয়ট ও থাডের মতো প্রতিরক্ষা সরঞ্জাম পরিচালনা করে।
ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে ২১ দিনের সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।























