শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 150

যৌন নিপীড়ন রোধে ব্যর্থ হওয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসকে ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪,৫০০ কোটি টাকা) জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) জুরি বোর্ডের এক ঐতিহাসিক রায়ে এই দণ্ড দেওয়া হয়। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ ২০২৩ সালের ডিসেম্বরে মেটার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শিশুদের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়েছে এবং প্ল্যাটফর্মে শিশু যৌন নিপীড়ন প্রতিরোধে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে।
আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের যৌন পাচারের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছিল। প্রতিষ্ঠানটির কর্মী ও বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও মেটা নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে।
শুনানিতে ‘অপারেশন মেটাফাইল’ নামে একটি গোপন অভিযানের তথ্য তুলে ধরা হয়, যেখানে দেখা যায় অপরাধীরা প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের টার্গেট করছে। এছাড়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর ফলে অপরাধীদের শনাক্তে বাধা তৈরি হচ্ছে এবং এআই-নির্ভর মডারেশন ব্যবস্থাও কার্যকর নয় বলে জানানো হয়।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি এক জবানবন্দিতে জানান, বিপুল ব্যবহারকারীর কারণে শিশুদের নিরাপত্তা ঝুঁকি কিছুটা অনিবার্য।
তবে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, তারা শিশুদের নিরাপত্তায় ইতোমধ্যে বিপুল বিনিয়োগ করেছে।
মামলার পরবর্তী ধাপ আগামী ৪ মে শুরু হবে, যেখানে শিশুদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারে আদালত।























