পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

- প্রকাশের সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 144

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গত ২২ মার্চ টেলিফোনে কথা বলেন শেহবাজ শরিফ ও মাসুদ পেজেশকিয়ান। এ সময় চলমান উত্তেজনা প্রশমন এবং মতপার্থক্য দূর করতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন শেহবাজ।
ফোনালাপে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানান এবং চলমান সংঘাতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও জানান শেহবাজ শরিফ।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিরোধ চলছে। সম্প্রতি এ বিষয়ে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
























