যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

- প্রকাশের সময় : ১১:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 141

যুক্তরাষ্ট্র-এর টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।
গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভ্যালেরো এনার্জি।
বিস্ফোরণের পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ নন এবং কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে শোধনাগারটিতে জ্বলতে থাকা আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করতেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হতো। এছাড়া পেট্রল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি উৎপাদন করা হতো সেখানে।
সূত্র: এএফপি
























