আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ মিরাজের, ফিরলেন শীর্ষ দশে
- প্রকাশের সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 119
কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলেছে সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র্যাংকিং আপডেটে।
বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে আবারও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৯ রানে ৩টি এবং ৩৪ রানে ২টি উইকেট নিয়ে এই অগ্রগতি অর্জন করেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে অলরাউন্ডার তিনি।
ব্যাটিংয়ে বড় উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন। এছাড়া তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২ নম্বরে এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন।
বোলিংয়ে শেষ ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠেছেন তাসকিন আহমেদ। এছাড়া মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে এবং নাহিদ রানা ৬৫ ধাপ এগিয়ে ৯৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের সালমান আলী আগা ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে উঠে এসেছেন। একই স্থানে রয়েছেন লোকেশ রাহুল। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ১৭তম এবং হারিস রউফ ১৯তম স্থানে উঠেছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে এবং লোকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে ৫১তম স্থানে অবস্থান করছেন।



















