রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন

- প্রকাশের সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1

- জন্ম স্পেনে, বেড়ে ওঠাও সেখানেই।
- স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদের তৃতীয় দল রিয়াল মাদ্রিদ ‘সি’তে খেলা দিয়েজকে বেশ কিছুদিন ধরেই পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — জন্ম স্পেনে, বেড়ে ওঠাও সেখানেই। ফুটবল ক্যারিয়ার গড়ে উঠেছে রিয়াল মাদ্রিদের একাডেমিতে। স্পেনের বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন। কিন্তু সেই কার্লোস দিয়েজকে এবার নিজেদের দলে নিতে চাইছে আর্জেন্টিনা। কারণ, ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মা আর্জেন্টাইন। সেই সূত্রে স্পেনের পাশাপাশি আর্জেন্টিনার হয়েও খেলার সুযোগ আছে তার। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদের তৃতীয় দল রিয়াল মাদ্রিদ ‘সি’তে খেলা দিয়েজকে বেশ কিছুদিন ধরেই পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে দলে নিতে চেয়েছিলেন প্লাসেন্তে। কিন্তু ক্লাবের অনুরোধে শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিবিরে যোগ দেওয়া হয়নি তার।
এর পেছনে অবশ্য কোনো জাতীয় দলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ছিল না। নভেম্বরের ম্যাচগুলো ছিল প্রীতি ম্যাচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ তখন লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে ব্যস্ত। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় দিয়েজকে ছাড়তে চায়নি রিয়াল। ফলে আর্জেন্টিনার আমন্ত্রণ থাকলেও ক্লাবেই থেকে যান এই মিডফিল্ডার।
তবে আর্জেন্টিনার আগ্রহ এখানেই শেষ হচ্ছে না। বরং আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তাকে দলে নেওয়ার পরিকল্পনা আছে প্লাসেন্তের। আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
আর্জেন্টিনার আগ্রহের কারণও আছে। রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক ফুটবলে বেশ আলো ছড়িয়েছেন দিয়েজ। গত মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে করেছেন ২১ গোল। মিডফিল্ডার হয়েও নিয়মিত গোল করার দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই নয়, দলীয় সাফল্যেও দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন দিয়েজ। ২০২৬ সালে রিয়ালের যুব দলের হয়ে লিগ শিরোপা, কোপা দে কাম্পেওনেস, উয়েফা ইয়ুথ লিগ এবং অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি। দলের অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ।
মাঠে মূলত মাঝমাঠের খেলোয়াড় হলেও আক্রমণে উঠে গোল করার প্রবণতা আছে দিয়েজের। তার প্রিয় জার্সি নম্বর ১০। আদর্শ মানেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা লুকা মদরিচকে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের খেলার ধরন অনুসরণ করার চেষ্টাও করেন তিনি।
























