ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

- প্রকাশের সময় : ০৯:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 277

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ নেতার সন্ধান দিলে তথ্যদাতাকে এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইরানি নেতাকে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে তাদের বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাদের অন্য দেশে রিলোকেশন বা স্থানান্তরের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।
ঘোষণায় বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর বিভিন্ন শাখাকে নেতৃত্ব ও নির্দেশনা দেন এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।
যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিল–এর সচিব আলী লারিজানি।
তবে শুক্রবার সকালে আলী লারিজানি তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নেন এবং সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবি প্রকাশ করেন।

























