কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রকাশের সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 162
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ৯ নম্বর বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, কৃষক দল নেতা জালাল উদ্দিন ও ফুরকান আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের সঙ্গে করা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি বলেন, জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য যথাযথ ভাতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















