আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন: এস এম জিলানী
- প্রকাশের সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 175
গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন, সম্মানিত করেছেন এবং সাহসী করেছেন। এজন্য আমি যখন মন্ত্রীদের কাছে যাই, তখন বুক ফুলিয়ে সাহসের সঙ্গে আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।
বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্বরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে কোটালীপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত ও আধুনিক কোটালীপাড়া গড়ে তুলতে তিনি কাজ করবেন।
এস এম জিলানী আরও বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে সনাতনী সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শতভাগ নিরাপত্তার মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তিনি বলেন, আপনারা যখনই আমাকে স্মরণ করবেন, আমি তখনই আপনাদের কাছে ছুটে আসব। আপনারা নির্ভয়ে ও আনন্দমুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে কোটালীপাড়া–টুঙ্গিপাড়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ফ্যামিলি কার্ড বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এ কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না। যদি কেউ কার্ড দেওয়ার নামে টাকা দাবি করে, তাহলে বিষয়টি তাকে জানানোর আহ্বান জানান তিনি।
























