জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন এমপি
- প্রকাশের সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 128
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান সাম্প্রতিক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, “বাজার, রাস্তা, ঘাট, পরিবহন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে টাকা আদায় করতে পারবে না। জনগণের কষ্টার্জিত অর্থ রক্ষায় প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।” চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি নিয়মিত তদারকি ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মহেশপুর শহীদ মিনার চত্বরে অসুস্থ ও ঠিকানাহীন এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এমপি মতিয়ার রহমান নিজ উদ্যোগে তাকে উদ্ধার করে মহেশপুর সরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ওই ব্যক্তি সুস্থতার পথে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সমাজসেবা কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।
২০ ফেব্রুয়ারি কাজীরবেড় ইউনিয়নের সাতপাড়া মোড়ে শাহীনের একটি দোকানে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মতিয়ার রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়ে বলেন, “আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাকারবারিমুক্ত মহেশপুর–কোটচাঁদপুর গড়তে চাই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঝিনাইদহকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
২৪ ফেব্রুয়ারি তিনি কোটচাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং হাসপাতালকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত ঘোষণা দেন। এছাড়া দত্তনগর কৃষি ফার্মসহ আরও পাঁচটি ফার্মের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয়রা বলছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা এবং কঠোর অবস্থানের কারণে এমপি মতিয়ার রহমানের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে।
























