রাজবাড়ীর পাংশায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ
- প্রকাশের সময় : ১২:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 173
রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতেই রাস্তা সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। নিম্নমানের পুরাতন ইট দিয়ে কাজ করায় স্থানীয়দের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
গত শনিবার বিকেলে উপজেলার কলিমহর বাজার এলাকায় রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়। এ সময় নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত প্রায় ৩ হাজার ১০০ মিটার সড়ক সংস্কারের জন্য ২ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা বরাদ্দ দেওয়া হয়। সড়কটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পায় রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার সরদার ওই সড়কের সাব-ঠিকাদার হিসেবে কাজ পান।
স্থানীয়রা জানান, কাজ শুরুর পর থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের পুরাতন ইট ব্যবহার করে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধিকে জানানো হলেও তিনি তা গুরুত্ব দেননি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাজে বাধা দেন। একপর্যায়ে তাদের প্রতিবাদের মুখে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। এ কারণে কাজ বন্ধ করা হয়েছে এবং নিম্নমানের পুরাতন ইট সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।




















