কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ফুটবলার ওজিল ও এরদোগান পুত্র
- প্রকাশের সময় : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 176
কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
একদিনের সরকারি সফরে তারা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবেন। প্রতিনিধি দল স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন এবং উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন। সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও সঙ্গে রয়েছেন।





















