জামায়াত আমিরের সঙ্গে বৈঠক ‘নিয়মিত যোগাযোগের অংশ’: নয়াদিল্লি
- প্রকাশের সময় : ০৯:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 172
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে দেখছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত তাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। এদিন রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ বিষয়ে খবর প্রকাশ করে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে নিজের বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবে ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে থাকেন। যাদের কথা উল্লেখ করা হচ্ছে, তাদের সঙ্গে বৈঠকটিও একই প্রেক্ষাপটে দেখা উচিত।
ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, ভারতীয় কূটনীতিকরা তাকে বৈঠকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।





















