কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 179

ইরানের সম্ভাব্য পাল্টা হামলার হুমকির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে বলে জানা যায়।
এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত এই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। কাতারসহ অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার খবর এলো।























