মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে, কমতে পারে ফোনের দাম
- প্রকাশের সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 174
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
এনবিআর জানায়, আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমানোর ফলে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যেন আমদানিকৃত ফোনের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যেই উপকরণ আমদানিতে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ কমেছে।
নতুন শুল্কহার কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে। একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমতে পারে প্রায় দেড় হাজার টাকা।
এনবিআর আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। মোবাইল ফোনের মূল্য সহনীয় রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।





















