১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
- প্রকাশের সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 283
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার এ বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
নির্ধারিত এসব নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।





















