বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২

- প্রকাশের সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 331

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।
নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ রোববার প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে নিহতের এই সংখ্যা নিশ্চিত করা গেছে। তবে কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে, ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে সংস্থাটি বিক্ষোভে ৫১ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল। নতুন হিসাব অনুযায়ী, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে ‘বাইরের শক্তির মদদে সৃষ্ট দাঙ্গা’ বলে আখ্যা দিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার দেশটির জাতীয় পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করার কথাও জানিয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক সংকট, সরকারের পরিকল্পনা এবং জনগণের দাবির বিষয়ে শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। তিনি ভর্তুকি ব্যবস্থার সংস্কারসহ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
চলমান এই নজিরবিহীন বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।























