‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 192

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত যেন বিশৃঙ্খলার দিকে না যায়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, তেল উত্তোলন, বিপণনসহ পুরো খাতের ব্যবস্থাপনা আপাতত যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তিনি জানান, এটি ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের প্রথম ধাপ। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র সরকার ও সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া অন্য কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না।
রুবিও আরও বলেন, সংস্কারের কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ভেনেজুয়েলা থেকে সাগরপথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএর তথ্য অনুযায়ী, দেশটির খনিগুলোতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে, যা বিশ্ব মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম, গড়ে প্রায় ১০ লাখ ব্যারেল। আন্তর্জাতিক বাজারে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের মাত্র দশমিক ৮ শতাংশ আসে দেশটি থেকে।
ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন হওয়ায় উত্তোলন ও পরিশোধনে বিশেষ যত্ন প্রয়োজন হলেও, এ তেল পরিশোধনের মাধ্যমে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট ও শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন জ্বালানি উৎপাদন সম্ভব।
সূত্র: এএফপি























