মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- প্রকাশের সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 179
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।
এবার নিবন্ধিত ৫৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক। স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন তালিকা জমা দিতে হবে অথবা সাবেক সংসদ সদস্য হলে সেই শর্ত প্রযোজ্য হবে না।
মনোনয়নপত্র জমার সময় ৫০ হাজার টাকা জামানতসহ প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামা জমা দিতে হবে। মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় কোনো মিছিল বা শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত মোট ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় হলেও এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সব রাজনৈতিক দল চাইলে সময় বাড়ানোর বিষয়ে কমিশন বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বড় রাজনৈতিক দলগুলো অনুরোধ জানালে এক বা দুই দিন সময় বাড়ানোর বিষয়টি কমিশন বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের সময়সূচিতে সমন্বয় করা হবে। তবে এখন পর্যন্ত কোনো দল আনুষ্ঠানিকভাবে এমন অনুরোধ জানায়নি।
১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি। আপিল দাখিলের সময় ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, দেশের ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং ১৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।






















