হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
- প্রকাশের সময় : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 170
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান শনাক্তে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে তিনি দেশের বাইরে চলে গেছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও তিনি উল্লেখ করেন।
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—এ প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি জানান, এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। ব্যক্তিগত বিরোধের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই সব সংস্থা সমন্বিতভাবে মাঠে কাজ করছে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।






















