জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র রুখতে দলগুলোর ঐক্যের ডাক
- প্রকাশের সময় : ০২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 197
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্র রুখতে দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, হাদির ওপর হামলা পূর্ব-পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, যা নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চাচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শ্যুটার ব্যবহার করে মাঠে নেমেছে এবং তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতিতে দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পরামর্শ দেন।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে দলের মধ্যে বিরোধ তৈরি করলে এ সুযোগে বিরোধীরা সুবিধা পায়। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সুসংগঠিতভাবে মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে ক্যাম্পেইন চালানো হচ্ছে এবং নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকারও এর ভুক্তভোগী হবে।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব যেন ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, তবে কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। তিনি সতর্ক করেন যে, নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হলেও তা একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হবে।
বৈঠকে অংশ নেওয়া নেতারা পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন যে, জাতির স্বার্থ ও জুলাই অভ্যুত্থানের স্বার্থে দলগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং ষড়যন্ত্রকারীদের কার্যক্রম রুখবে।




















