আপাতত ঢাকাতেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে
- প্রকাশের সময় : ১২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 77
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আবারও স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থায় ১২-১৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা ঝুঁকিপূর্ণ। তাই আপাতত ঢাকায় এভারকেয়ার হাসপাতালে থেকেই তার চিকিৎসা চলবে।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার মাল্টিপল জটিলতা রয়েছে। লিভারের অবস্থা নিয়ন্ত্রণে এলেও কিডনির সমস্যা বাড়ছে। কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা ঝুঁকিপূর্ণ সীমায় রয়েছে এবং প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে। সিসিইউতে প্রতিদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজন অনুসারে ওষুধ পরিবর্তন করা হচ্ছে।
ডা. জোবাইদা রহমান দেশে ফিরে চিকিৎসায় সরাসরি সমন্বয় করছেন এবং দিনের বেশিরভাগ সময় হাসপাতালে থাকছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় আসার কথা থাকলেও ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটি অপারেটরের আবেদনে বাতিল করা হয়েছে। ফলে তার বিদেশযাত্রা দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল।
বিএনপি নেতাদের মতে, খালেদা জিয়াকে বিদেশ নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তার সুস্থতার জন্য দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।




















