কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

- প্রকাশের সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 89

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী। থাই সেনাবাহিনীর আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানান, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকার কয়েকটি অস্ত্রাগার লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, ওই অস্ত্রাগারগুলো থেকে আর্টিলারি ও মর্টার ব্যবহার করে কম্বোডীয় বাহিনী নিয়মিত থাইল্যান্ডের সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগের দিন কম্বোডীয় সেনাদের হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়। অন্যদিকে কম্বোডিয়ার আইএসপিআর জানায়, সোমবার ভোর ৫টা ৪ মিনিটে তাদের সেনা স্থাপনায় থাই বিমান বাহিনী হামলা চালায়। তারা অভিযোগ করে, সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে থাই বাহিনী উত্তেজনাকর তৎপরতা চালিয়ে আসছে।
সোমবারের হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি। তার আগে রোববার দুপুরে কম্বোডীয় সেনারা থাইল্যান্ডের সি সা কেত প্রদেশ লক্ষ্য করে গুলি চালায়, এতে দু’জন থাই সেনা আহত হন। এরপর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনী। সংঘাত থামার পর সীমান্তবর্তী চার প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি—থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে ল্যান্ডমাইন পেতে রাখার অভিযোগ করেছিল থাইল্যান্ড। এর কিছুক্ষণ পরই সীমান্তে সংঘাত শুরু হয়। কয়েক মাস আগে একই সীমান্ত বিরোধের জেরে ৫ দিনের সংঘাতে ৩২ জন নিহত ও অন্তত ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় জুলাইয়ের শেষে যুদ্ধবিরতি শুরু হলেও সর্বশেষ সংঘাত সেই সমঝোতাকে আবারও হুমকির মুখে ফেলে দিয়েছে।
























