শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক

- প্রকাশের সময় : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 1

- শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রপিক বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে।
- মাত্র কয়েক ঘণ্টার লেনদেনে অ্যানথ্রপিকের শেয়ারের গতিবিধি দেখে মনে হয়েছে বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন এআই ঠিক কোন দিকে যাচ্ছে।
মামুন হোসেন, টেক ডেস্ক — শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রপিক বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানির এই অভিষেক পুরো শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা হচ্ছে। এই প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় সবার নজর ছিল এদিকে। অ্যানথ্রপিকের শেয়ার নির্ধারিত ৮৩ ডলারের বরাদ্দ মূল্য ছাড়িয়ে অনেক ওপরে উঠে যায়। এআই চ্যাটবট ক্লডের নির্মাতা এই কোম্পানি আগামী মাসগুলোতে কঠোর নজরদারির মধ্যে থাকবে। এআই ঘিরে থাকা মূল প্রশ্নটির উত্তর তাদের দিতে হবে। আর সেই প্রশ্নটি হলো এই বিশাল বিনিয়োগ কি আসলেই সার্থক।
স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা
মাত্র কয়েক ঘণ্টার লেনদেনে অ্যানথ্রপিকের শেয়ারের গতিবিধি দেখে মনে হয়েছে বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন এআই ঠিক কোন দিকে যাচ্ছে। শেয়ারের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে ১১১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়। এতে কোম্পানির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারের কাছাকাছি চলে যায়। তবে দিন শেষে দাম কিছুটা কমে ৯৭ দশমিক ১৭ ডলারে স্থির হয়। কিছু বিনিয়োগকারী বলেছেন, অ্যানথ্রপিকের এই অভিষেক সফল বলে মনে হচ্ছে। কারণ, সারা দিনে শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিক প্রযুক্তিবাজার ততটা ভালো করেনি।সামগ্রিকভাবে বৃহস্পতিবার ন্যাসডাক কম্পোজিট সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমে শেষ হয়েছে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটসহ বৃহত্তম প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন ঘটেছে। অ্যালফাবেটের শেয়ার ২ দশমিক ৯ শতাংশ কমেছে। অন্যদিকে আমাজন হারিয়েছে প্রায় ৩.৯ শতাংশ। বর্তমান এআই যুগের অবকাঠামো নির্মাণ প্রযুক্তির ইতিহাসে ব্যয়বহুল কাজ বলা হচ্ছে। কেবল গত ১ বছরেই হাতেগোনা কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি ১ লাখ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে। বিনিয়োগ বৃদ্ধির এই দ্রুত গতি আর্থিক বুদবুদ বা ফিন্যান্সিয়াল বাবল তৈরির চলমান উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে।
ইউনিভার্সিটি অব সালফোর্ডের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, দাম বাড়ার দিনেই সাফল্যের বেলুন ফেটে যায় না। ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হলে বেলুন পরবর্তী সময়ে ফেটে যায়। সাম্প্রতিক সময়ে শক্তিশালী কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের আবির্ভাব আগের চেয়ে বেশি ডেটা প্রক্রিয়াকরণের সুযোগ করে দিয়েছে। এর ফলে এমন এআই চ্যাটবট তৈরি হয়েছে যা মানুষের কথাবার্তা অনুকরণ করতে পারে। এ ছাড়া সফটওয়্যার কোডিং, ডিজিটাল ছবি তৈরি এবং ইন্টারনেটে দ্রুত তথ্য খোঁজার মতো কাজও এগুলো করতে পারে। এটি কম্পিউটার ব্যবহারের একটি নতুন উপায় তৈরি করেছে। মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিকের দ্রুত উত্থানের পেছনে এটিই মূল কারণ। কোম্পানিটি জনপ্রিয় এআই চ্যাটবট ক্লডের নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।
কুইল্টার শেভিওটের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান বেন ব্যারিঞ্জারের মতে, শেয়ারবাজারে আসা প্রথম পূর্ণাঙ্গ এআই কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের শেয়ারের দামে সামনে নিশ্চিতভাবেই বড় ধরনের ওঠানামা দেখা যাবে। প্রাথমিক উচ্ছ্বাস একসময় কেটে যাবে। এর আগে ইলন মাস্কের কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিনে প্রায় ১০ শতাংশ বেড়েছিল। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য রেকর্ড ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছায়। তবে ১ মাসের মধ্যেই শেয়ারের দাম অভিষেক মূল্যের নিচে নেমে যায় এবং তারপর থেকে বেশির ভাগ সময়ই নিচের দিকে রয়েছে।অধিকাংশ প্রযুক্তি কোম্পানি শেয়ারবাজারে আসার পর তাদের শেয়ারের দরপতন দেখতে পায়। প্রায়ই প্রথমবারের মতো ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর এমনটি ঘটে। তবে মেটা, আমাজন এবং গুগলের মতো অনেক কোম্পানি পরবর্তী সময়ে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে লাভজনক করপোরেশনে পরিণত হয়েছে।সূত্র: বিবিসি























