খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড
- প্রকাশের সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 82
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া মেডিকেল বোর্ড আশা করছে, দেশেই সঠিক চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন এবং বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, রোববার (৭ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, “ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। এখানে তাকে চিকিৎসা দিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা বিশ্বাস করি দেশে চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি আগে আরও গুরুতর অবস্থায় ছিলেন এবং এখন সেরে উঠছেন। তাকে হয়তো লন্ডনে নেওয়ার প্রয়োজন হবে না।”
চিকিৎসক আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। রোববার সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ভালো এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী কতদিন সিসিইউতে থাকবেন তা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। দেশি-বিদেশি চিকিৎসকরা তার জন্য সেরা চিকিৎসা নিশ্চিত করছেন। তার শয্যার পাশে থেকে পুত্রবধূ ডা. জুবায়দা রহমান চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন এবং তিনি আরও কয়েকদিন বাংলাদেশে থাকবেন।
চিকিৎসক জানান, খালেদা জিয়া মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও দুই পুত্রবধূ নিয়মিতভাবে তার পাশে রয়েছেন।
সূত্র: ইউএনবি




















