আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 86

যুক্তরাষ্ট্র আরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, সংখ্যাটি ৩০-এর বেশি এবং প্রেসিডেন্ট আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন।
এই বছরের জুনে ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেছিলেন। নোয়েম বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা যেসব দেশ নিজেদের নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করছে। তালিকা সম্প্রসারণ হলে এটি হবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর অভিবাসন-বিষয়ক পদক্ষেপের আরও একটি বড় ধাপ।
ঘটনার সঙ্গে একজন আফগান নাগরিক জড়িত ছিলেন, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন পুনর্বাসন কর্মসূচির আওতায়। ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে তিনি সকল থার্ড ওয়ার্ল্ড দেশের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান।
নিষেধাজ্ঞা অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী—সব ধরনের ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন প্রশাসন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছে।
























