বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
- প্রকাশের সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 60
ব্রাজিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এই টিকাটির অনুমোদন দেয় বুধবার। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তখন এই টিকাকে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি করেছে ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকা, যা ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছে। এর আগে বিশ্বে প্রচলিত একমাত্র টিকা TAK-003 দুই ডোজে নিতে হতো, তিন মাসের ব্যবধানে। নতুন টিকার সুবিধা হলো একবার নিলেই যথেষ্ট, যা টিকাদান কর্মসূচিকে সহজ করবে।
দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে টিকাটি উন্নয়ন করা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১.৬ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছে ১ কোটি ৪৬ লাখ মানুষ আক্রান্ত হয় এবং প্রায় ১২ হাজারের মৃত্যু ঘটে, যার অর্ধেকই ব্রাজিলে। গবেষকদের মতে, সংক্রমণের উল্লেখযোগ্য অংশ বৈশ্বিক উষ্ণতার কারণে বৃদ্ধি পেয়েছে।
টিকা উৎপাদন বাড়াতে ব্রাজিলের সরকার চীনা প্রতিষ্ঠান উশি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ সরবরাহ করা হবে।















