হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

- প্রকাশের সময় : ১১:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 111

চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার রাতে অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আট ব্লকের এই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও চারজনের। গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অন্তত ৪৫ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা টানা ১৫ ঘণ্টা ধরে কাজ করেন।
পূর্ববর্তী তথ্যে ৩৬ জনের মৃত্যুর পাশাপাশি ২৭৯ জনকে নিখোঁজ হিসেবে ধরা হয়েছিল, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কনস্ট্রাকশন কোম্পানির দুই পরিচালক ও এক পরামর্শককে গ্রেপ্তার করা হয়েছে। ভবনের ভেতর পলিস্টাইরিনসহ দাহ্য উপকরণ পাওয়া গেছে এবং নিরাপত্তা জাল ও প্লাস্টিকের কভার সেফটি স্ট্যান্ডার্ড পূরণ না করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
























