চালে স্বস্তি, পেঁয়াজে বাড়ছে অস্থিরতা
- প্রকাশের সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 106
এই সপ্তাহের বাজারে সবচেয়ে বড় আলোচনার বিষয় পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়েছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত সপ্তাহে যেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়, সেখানে এখন তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, বাজারে নতুন আমন ধান আসতে শুরু করায় চালের দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। আগের তুলনায় কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা কমেছে বিভিন্ন মানের চালের দাম।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা পেঁয়াজের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫৮ দশমিক ৫২ শতাংশ। বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
খিলগাঁও তালতলা বাজারের বিক্রেতা মনির হোসেন বলেন, “চলতি মাসেই নতুন পেঁয়াজ বাজারে আসবে। তখন দাম কিছুটা কমবে বলে আশা করছি। এখন বাজারে মনিটরিং বাড়ানো হয়েছে।”
রামপুরার মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া জানান, “এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বেড়েছে। এতে ক্রেতারা বিরক্ত, বিক্রিও কমে গেছে।” পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৮-১১০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৭২-৭৪ টাকায়।
অন্যদিকে, চালের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। কারণ আমন মৌসুমের নতুন ধান বাজারে আসতে শুরু করেছে এবং কিছু চাল আমদানিও হচ্ছে। এতে চালের দামে স্থিতিশীলতা ফিরে আসছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বাজারে জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১-২ টাকা কমেছে। এখন নাজিরশাইল বা শম্পা কাটারি জাতের চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকায়, মিনিকেটসহ অন্যান্য সরু চাল বিক্রি হচ্ছে ৭০-৭৬ টাকায়।
মোটা চাল যেমন ব্রি-২৮ এর দাম আগের মতোই কেজিপ্রতি ৫৮-৬০ টাকায় রয়েছে। পাইজাম ও গুটি স্বর্ণাসহ কিছু মোটা চালের দাম কমে ৫০-৫৬ টাকায় নেমেছে। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে।
অন্যদিকে, বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে আগের দামে। তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি।























