পরিদর্শনে এসে যানজটে আটকা উপদেষ্টা গেলেন মোটরসাইকেলে চড়ে
- প্রকাশের সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 97
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তীব্র যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। শেষ পর্যন্ত তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছান।
বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা দেন তিনি। তবে বাহাদুরপুর এলাকায় গাড়ির বহর যানজটে আটকে পড়ে। মাত্র ১৫ মিনিটের রাস্তা অতিক্রম করতে তিন ঘণ্টা সময় লাগে। দুপুর ১টার দিকে মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান উপদেষ্টা।
এর আগে তিনি ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন এবং সেখান থেকে সড়কপথে আশুগঞ্জে গিয়ে হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন।
এদিকে সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের দাবি, ‘এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে যানজট হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে ধীরগতিতে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে যাত্রীদের তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং এই অংশ পার হতে ৪-৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।
প্রকল্প এলাকা পরিদর্শনের খবরে গত রোববার থেকে খানাখন্দ ভরাট শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত তিন দিন ধরে তীব্র যানজট চলছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে সড়ক পরিদর্শনে আসেন।’


























