রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 79
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জোহা চত্বরের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— “ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে”, “কোটা না মেধা মেধা”, “২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার” ইত্যাদি।
বিক্ষোভে সালাউদ্দিন আম্মার বলেন, “২৪ জুলাইয়ের বিপ্লবের মূল বিষয় ছিল অযৌক্তিক পোষ্য কোটা। সেই আন্দোলনের ছয় মাস পর কোটা বাতিল করা হলেও প্রশাসন আবার এটি ফিরিয়ে এনেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং পোষ্য কোটা বাতিলের দাবি জানাচ্ছি।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন নিয়ে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল, প্রশাসনের এ সিদ্ধান্ত তা বানচাল করার ষড়যন্ত্র। আমরা স্পষ্ট জানাতে চাই—পোষ্য কোটা কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না।”
এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
























