জেলা পরিষদের জমি লীজ নিয়ে মার্কেট! অপসারণের দাবি ব্যবসায়ীদের

- প্রকাশের সময় : ০২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 168

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধীমারা বাজারে রাজবাড়ী জেলা পরিষদের জমি লীজ নিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে ১২০ ফুট লম্বা পাকা মার্কেট নির্মাণ করছেন নাছিরুল ইসলাম বাবু নামে এক প্রবাসী। মার্কেট নির্মাণের শুরু থেকেই স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত রোববার মার্কেটটি অপসারণের জন্য রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র দেওয়া হয়। নাছিরুল ইসলাম বাবু কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বৃগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি সৌদিআরব প্রবাসী।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, মদাপুর ইউনিয়নের মধ্যে পানি চলাচলের বেলগাছি-রামদিয়া রাস্তার পশ্চিম পাশ দিয়ে একটি বড় খাল রয়েছে। এই খাল দিয়ে কয়েকটি ইউনিয়নের ফসলের জমির পানি নিষ্কাশিত হয়। কিছুদিন আগে নাছিরুল ইসলাম বাবু বাজার সংলগ্ন এই খালের ভেতর থেকে ভেকু দিয়ে মাটি কেটে সম্পূর্ণ খালের উপর বহুতল মার্কেট নির্মাণ শুরু করেন। সেখানে গান্ধীমারা বাজার ব্যবসায়ীদের ব্যবহারের জন্য একটি গণশৌচাগারও ছিল। সেটি ভেঙে ফেলা হয়। এই খালের উপর মার্কেট নির্মাণের ফলে জলাবদ্ধতা শুরু হয়েছে। ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতিপূর্বে অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো ফল হয়নি। সম্প্রতি আবার কারা মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে। জনস্বার্থে মার্কেটটি ভেঙে খালের পানি চলাচলের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত মে মাসে মার্কেট নির্মাণ শুরু হওয়ার পরই তারা রাজবাড়ীর জেলা প্রশাসক, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তৎকালীন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছিলেন। কোনো এক অদৃশ্য কারণে কেউই ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ জেলা পরিষদের জমিতে স্থায়ীভাবে পাকা স্থাপনা নির্মাণের কোনো নিয়মই নেই।
জানতে চাইলে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, তিনি কিছুৃদিন আগে রাজবাড়ীতে যোগ দিয়েছেন। বিষয়টি পুরনো। জেলা পরিষদের জমি লীজ নিয়ে পাকা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। এগব্যাপারে শিগগীরই ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখনও তিনি ত্বরিৎ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

























