পুলিশের ৫৯ কর্মকর্তার পদোন্নতি
- প্রকাশের সময় : ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 95
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫৯ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশে আরও চার হাজার এএসআই (সহকারী উপপরিদর্শক) যুক্ত করার পরিকল্পনার কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গত বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন এএসআইদের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।





















