পেশা যখন ভালোবাসা
পৈতৃক ঐতিহ্যকে ধরে রেখেছেন তরুণ প্রতিমাশিল্পী কুমারেশ

- প্রকাশের সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 153

আসছে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে আর মায়ের মন্ত্রে মুখরিত হয়ে উঠবে চারপাশ। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি সনাতন ধর্মালম্বী বাঙালির আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রতিমাশিল্পীরা এখন ব্যস্ত প্রতিমা তৈরির কাজে। তেমনই একজন প্রতিমাশিল্পী কুমারেশ পাল। যিনি পরম ভালোবাসায় তার পৈতৃক পেশাকে ধরে রেখেছেন। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বাসিন্দা অমল চন্দ্র পালের ছেলে কুমারেশ ২৩ বছর বয়সেই হয়ে উঠেছেন দক্ষ প্রতিমা শিল্পী।
বুধবার রাজবাড়ী রাধাগোবিন্দ জিঁউর মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছিলেন কুমারেশ। তার দুজন সহযোগীকে নিয়ে সবে মাটির কাজ করছেন। এসময় কথা হয় তার সঙ্গে। জানালেন, তার বাবা দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেছেন। তার ঠাকুরদাদাও ছিলেন এ পেশায়। তারা তিন ভাই দুই বোন। এক ভাই পড়াশোনা করছে, অন্য ভাই চিত্রকর্ম করেন। তিনি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার বাবার সাথে প্রতিমা তৈরির কাজ করেছেন। ২০২০ সালে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। করোনার কারণে পারিবারিক অসচ্ছলতা নেমে আসে। তখন পড়াশোনা ছেড়ে এ পেশায় মনোযোগী হন। এ পেশাই এখন তার জীবন জীবীকা। বছরের ১২ মাস প্রতিমা তৈরির কাজ করেন। এ বছর দুর্গাপূজায় ১৬টি মন্ডপে কাজ করছেন। কাজ ভেদে ২০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা নেন। দুর্গাপূজার পরেই শ্যামাপূজা, কাত্যায়নী পূজা, কার্তিক পূজা রয়েছে। তার কিছুদিন পরেই হবে সরস্বতী পূজা। এভাবে সারা বছরই কোনো না কোনো পূজা থাকে। প্রতিমা তৈরির কাজ করে খুব আনন্দ পান। মানুষ সম্মানও করে। এজন্য খুব ভালো লাগে। প্রতিমা তৈরি করে যা পান তা দিয়ে সংসার ভালোভাবেই চলে যায়। জানালেন, বর্তমানে এই কাজ করা খুবই কঠিন। কাজ করতে গেলে অন্ততঃ চারজন সহযোগী দরকার। কিন্তু সহযোগী পাওয়া খুবই দুষ্কর। এই পেশায় কেউ আসতে চায়না এখন। তাদের গ্রামে ২০টি পরিবার ছিল। যারা প্রতিমা তৈরির কাজ করত। কেউ নদী ভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে গেছে। কেউ গেছে ভারতে। এখন চারটি মাত্র পরিবার আছে। তার মধ্যে দুটি পরিবার প্রতিমা তৈরির কাজ করে।
জানান, প্রতিমা তৈরি সহজ কাজ নয়। তিনি ১৬টি প্রতিমা তৈরি করছেন। ১৬টির ডিজাইন আলাদা আলাদা করতে হবে। এজন্য ডিজাইন মাথায় রাখতে হয়। কখনও কখনও মোবাইল ফোন বা অন্য কোথাও থেকে ডিজাইন দেখে নেন। প্রতিমাকে সুন্দর করে সাজাতে তিনি প্রাণপণ চেষ্টা করেন।
এক প্রশ্নের জবাবে জানান, তিনি এখনও বিয়ে করেননি। তবে বিয়ের পর তার সন্তান হলে তাদের লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিত করবেন। যদি তারা এ পেশায় আসতে চায় বাধা দেবেন না। বরং খুশীই হবেন।
আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গপূজার আনুষ্ঠানিকতা।

























