ক্ষতিকর রাসায়নিক দিয়ে বানানো হতো শিশুদের লোভনীয় খাদ্যপণ্য
- প্রকাশের সময় : ০২:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 237
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ্ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে সায়েমা আইসরবো নামে একটি কারখানায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে বানানো হতো শিশুদের লোভনীয় খাদ্যপণ্য। গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ীর যৌথভাবে এ কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক লালমিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করে। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক ও শিশুখাদ্য জব্দ করা হয়। লাল মিয়ার বাড়ি একই গ্রামে। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, কারখানাটিতে তারা অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক, ঘনচিনি, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানিকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রংয়ের ব্যবহার, উৎপাদন তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে দেওয়া এসব গুরুতর অনিয়ম দেখতে পান। এছাড়া প্রতিষ্ঠানটির মালিক শিশু খাদ্য উৎপাদনে বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন। এসব কারণে প্রতিষ্ঠানের মালিক লাল মিয়াকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩, ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা থেকে শিশুদের লোভনীয় খাদ্য পণ্য জুস, ললিপপ, রবো রিং এসব জব্দ করা হয়। এসবের ওজন প্রায় তিনশ কেজি। এসব খাদ্য শিশুরা খেলে নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। পরে জব্দ করা ক্ষতিকর রাসায়নিক ও খাদ্যপণ্য বিনষ্ট করা হয়। এসময় কারখানা মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।


























