ক্ষেতে পেঁয়াজ তোলা শেষে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল জিহাদ

- প্রকাশের সময় : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 136

পরীক্ষার প্রথম দিন। সাধারণত পরীক্ষার্থীরা সকাল থেকেই প্রস্তুতি নিতে থাকে। কিন্তু জিহাদ ব্যস্ত ছিল ক্ষেতে পেঁয়াজ তুলতে। প্রতিবেশিরা ধরেই নিয়েছিল জিহাদ পরীক্ষা দেবেনা। ঠিকই সময়মতো পরীক্ষা কেন্দ্রে যায় সে। এভাবেই পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে জিহাদ। সে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মো. আসাদুজ্জামান মন্ডল ও চম্পা বেগম দম্পতির ছেলে। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জিহাদ বিজ্ঞান বিভাগ থেকে এ সাফল্য অর্জন করেছে। তার এই সাফল্যে বাবা-মা খুশী হলেও তাদের কপালে চিন্তার ভাজ। দরিদ্রতাকে অতিক্রম করে জিহাদের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ হবে তো?
জিহাদের পারিবারিক সূত্র জানায়, জিহাদের বাবা একজন কৃষক। তার নিজের কোনো জমি নেই। অন্যের জমি চাষ করে জীবীকা নির্বাহ করেন। দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ দ্বিতীয়। কৃষি শ্রমিকের মজুরি দেওয়ার সাধ্য না থাকায় জিহাদ ও তার বড় ভাই বাবাকে সহযোগিতা করে। পাশাপাশি পড়াশোনাও করে।
জিহাদ জানায়, সে অতি দরিদ্র কৃষকের ছেলে। বাবা-মায়ের উৎসাহেই সে লেখাপড়া চালিয়ে গেছে। সারা বছর কৃষিকাজ করেছে। কাজে ব্যস্ত থাকায় দিনে পড়তে পারেনি। রাতে ছয় ঘণ্টা করে পড়ার সুযোগ পেয়েছে। সে লেখাপড়া চালিয়ে যেতে চায়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে চায়। প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। কিন্তু দরিদ্রতার কারণে কতদূর যেতে পারবে তা নিয়ে আছে অনিশ্চয়তা।
জিহাদের বাবা মো. আসাদুজ্জামান মন্ডল জানান, তার ছেলের পড়ালেখার খরচ ঠিকমত দিতে পারেননি। ছেলের ভালো ফলাফলে সে খুব খুশি। এখন দুশ্চিন্তা একটাই। এসএসসিতো কোনোমতে পার হলো। উচ্চ মাধ্যমিক বা তার পরে তো আরও অনেক খরচ। এত টাকা জোগাড় হবে কীভাবে? গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ শেখ জানান, জিহাদের সাফল্যে তারা খুবই খুশী। সে খুবই মেধাবী ছাত্র। অত্যন্ত ন¤্র ভদ্র। ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। বিদ্যালয় থেকে জিহাদকে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন। জিহাদ চাইলে উচ্চ মাধ্যমিকেও সামর্থ্য অনুযায়ী সসহযোগিতা করা হবে।























