‘হর্ন দেওয়ায়’ বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
- প্রকাশের সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 267
গাড়িতে হর্ন দেওয়ায় এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ২৪নং ওয়ার্ড ছাত্রদলের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মো. শাহীন নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমান আপনি যদি ভিডিওটি দেখেন, গাড়িতে হর্ন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ ২৪ নম্বর ওয়ার্ডের পোলাপান, ছাত্রদলের পোলাপান আমার কী অবস্থা করেছে দেখেন। ভিডিওতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
মো. শাহীন নামের ওই ব্যক্তি বলেন, আমি এখানে গাড়ি নিয়ে এসেছি আমার বসকে নিয়ে, আমি সামান্য একটু হর্ন দিয়েছি, তাই আবার গাড়ির সামনে দাঁড়িয়ে ২৪নং ওয়ার্ড ছাত্রদলের ছেলেরা আমার কী অবস্থা করেছে।
ওই ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বলেন, আমি বিএনপির ঢাকা কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মো. শাহীন। ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহাগ ভাই কোনো কথা না বলেই প্রথম এসে আমার মুখে হিট (আঘাত) করে। তার সঙ্গে আরো দুইজন ছেলে ছিল যাদের নাম আমি জানি না।
তিনি আরো বলেন, আমি আমার স্যারকে নিয়ে গাড়ি চালিয়ে স্যারের বাড়িতে এসেছিলাম। শুধু একটু হর্ন দেওয়ার জন্য এভাবে মারতে পারে না।


























