নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / 75
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন এবং দোয়া করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি বরাবরই আমাদের দাবি এবং জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু এই প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরো বলেন, যে সময়টি নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে তা দেশের জন্য সঠিক সময় নয়। এই সময় প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া এটি রোজার পরেই এবং সে সময় পাবলিক পরীক্ষাও থাকে। সুতরাং এটি কোনো চিন্তা-ভাবনা ছাড়ায় দেওয়া হয়েছে বলে মনে করছি।
নির্বাচনের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, রোজার মাসে এটি করা খুব কঠিন হবে। তাই ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব বলে ধারণা করছি। জাতির জন্য এটিই উপযোগী সময়।

























