যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী
- প্রকাশের সময় : ০৬:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 110
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই আন্দোলনের সুফল যারা ভোগ করছেন, বড় বড় পদ-পদবি গ্রহণ করছেন, রাজনৈতিক দল গঠন করছেন—তারা নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। কিন্তু যারা শহিদ হয়েছেন, যাদের আত্মত্যাগের ভিত্তিতে আজ তারা এসব অর্জন করতে পেরেছেন, সেই শহিদদের প্রতি কোনো দায়বদ্ধতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এমনকি তাদের কাছে শহিদদের কোনো তালিকাও নেই। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।”
নরসিংদী জেলার মাধবদীর চৌয়া এলাকায় শহিদ আরমান মোল্লার বাড়িতে এক সহানুভূতি ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর পেছনে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম বীর শহিদ আরমান মোল্লা। তিনি দেশের মুক্ত বাতাস নিশ্চিত করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ তার পরিবারের সদস্যদের আজ এতিমখানায় অবস্থান করতে হচ্ছে—এটা শুধু মর্মান্তিকই নয়, আমাদের ব্যর্থতার প্রমাণও বটে।”
রিজভী জানান, শহিদ আরমান মোল্লার পরিবারের অসহায় অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে সহায়তা পাঠানোর নির্দেশনা দেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নগদ অর্থসহ প্রয়োজনীয় উপহারসামগ্রী নিয়ে শহিদ পরিবারের পাশে গিয়ে দাঁড়ায়। এছাড়া শহিদ আরমান মোল্লার সন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়।
তিনি বলেন, “আমরা এখানে সহানুভূতির জন্য আসিনি, এসেছি দায়িত্ববোধ থেকে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা পালন করাই আমাদের নৈতিক কর্তব্য।”
এই সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।






















