পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

- প্রকাশের সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 158

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দিনমজুর শাহীন হত্যাকান্ডের জের ধরে বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তারা হলেন মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লা। তাদের বাড়ি একই গ্রামে। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দিনমজুর শাহীনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রোববার বিকেলে রাজাপুর গ্রামে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। রাজবাড়ী জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানববন্ধনে অংশগ্রহণকারী কিছু লোক অভিযুক্ত সাম বিশ^াসের বাড়ি ভাংচুর করতে যায়। এসময় সেখানে অবস্থানরত রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই আবুল হাশেম তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা দুই পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই সাব্বির হোসেন আহত হন। এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের দাবি, চুরি আর ভিডিওর মিথ্যা অপবাদ দিয়ে দিনমজুর শাহীনকে বাড়ি থেকে ধরে নিয়ে সাম বিশ^াসের বাড়িতে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ এ ঘটনায় জড়িত একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি। হত্যার ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা মূল আসামি নয়। রোববার বিকেলে তারা প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শেষে মিছিল বের করেন। মিছিল অগ্রসর হতে পুলিশ বাধা দেয়। তখন উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা করে। এখন এলাকার মানুষ গ্রেপ্তার আতঙ্কে রয়েছে।
























