এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক

- প্রকাশের সময় : ১২:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 1

- গোল করেননি, সরাসরি কোনো গোলে সহায়তাও করেননি।
- মাঝমাঠে বল হারানোর পর প্রতিপক্ষের দ্রুত পাল্টা আক্রমণ ঠেকাতে নিজেদের রক্ষণে ছুটে গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — গোল করেননি, সরাসরি কোনো গোলে সহায়তাও করেননি। তবু ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের অন্যতম নায়ক রাফিনিয়া। একটি মুহূর্তেই যেন বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে দলের অধিনায়ক বানিয়েছেন হান্সি ফ্লিক।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
মাঝমাঠে বল হারানোর পর প্রতিপক্ষের দ্রুত পাল্টা আক্রমণ ঠেকাতে নিজেদের রক্ষণে ছুটে গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেখান থেকে বল কেড়ে নিয়ে আবার আক্রমণেও উঠেছেন। শেষ পর্যন্ত সেই আক্রমণ থেকেই এসেছে বার্সেলোনার সমতাসূচক গোল।
রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। অথচ ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম করেছিল ফ্লিকের দল। প্রথমার্ধে লামিন ইয়ামাল পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
এই প্রত্যাবর্তনে গোল করেছেন জেরার্দ মার্তিন ও ফের্মিন লোপেজ। অন্য গোলটি এসেছে ভিয়ারিয়ালের পাউ নাভারোর আত্মঘাতী গোল থেকে। তবে গোলদাতাদের বাইরেও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাফিনিয়া, পেদ্রি ও ইয়ামাল।
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
বিশেষ করে বার্সেলোনার দ্বিতীয় গোলের আগে রাফিনিয়ার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মাঝমাঠে বল হারিয়েছিলেন পেদ্রি। সঙ্গে সঙ্গে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে ভিয়ারিয়াল। তিনজন আক্রমণকারী এগিয়ে যাচ্ছিলেন বার্সেলোনার একজন ডিফেন্ডারের বিপক্ষে। এমন পরিস্থিতিতে আক্রমণভাগ থেকে সর্বোচ্চ গতিতে নিজেদের রক্ষণে ফিরে আসেন রাফিনিয়া।
প্রতিপক্ষের খেলোয়াড়দের পেছনে ফেলে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় বলের দখল নেন তিনি। কিন্তু শুধু বিপদমুক্ত করেই থামেননি। সেখান থেকেই শুরু করেন বার্সেলোনার পাল্টা আক্রমণ। সতীর্থদের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদানের পর বল পৌঁছে দেন ইয়ামালের কাছে। এরপর ইয়ামালের পাস থেকে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান ফের্মিন।
রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় রাফিনিয়ার এমন ভূমিকা ছিল অধিনায়কোচিত। যে ফরোয়ার্ডের মূল দায়িত্ব গোল করা কিংবা গোলের সুযোগ তৈরি করা, দলের বিপদে সেই ফুটবলারই ছুটে এসেছেন ডিফেন্ডারের ভূমিকায়।






















